© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলের সেনাপ্রধানের সঙ্গে বসলেন সৌদিসহ একাধিক মুসলিম দেশের সেনাপ্রধান

শেয়ার করুন:
ইসরায়েলের সেনাপ্রধানের সঙ্গে বসলেন সৌদিসহ একাধিক মুসলিম দেশের সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
দখলদার ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে একই কক্ষে বৈঠকে বসেছিলেন সৌদি আরবসহ উপসাগরীয় আরব অঞ্চলের মুসলিম দেশগুলোর সেনাপ্রধানরা। গত সপ্তাহে জার্মানিতে বৈঠকটি আয়োজন করেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে সেন্টকম।

ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ছাড়াও ওই বৈঠকে ছিলেন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান এবং মিসরের সেনাপ্রধান। আর তাদের বৈঠকের বিষয়বস্তু ছিল ইরান ও আঞ্চলিক উত্তেজনার বিষয়টি।

এক্সিওস জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলার পর প্রথমবারের মতো এমন একটি বৈঠক হয়েছে।

ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের সঙ্গে আরব দেশগুলোর কর্মকর্তাদের এমন বৈঠক আগেও হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমটি। যদিও সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই। এমনকি ইসরায়েল সৌদিকে শত্রু দেশ হিসেবে অভিহিত করে।

ওই বৈঠকে ইসরায়েলি সেনাপ্রধান তাদের অভিযান নিয়ে অন্যান্য সেনাপ্রধানকে ব্রিফ করেন বলে উল্লেখ করেছে এক্সিওস।

অপরদিকে যুক্তরাষ্ট্রের সেন্টকমের কমান্ডার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে তাদের পরিকল্পনা নিয়ে কথা বলেন। যেখানে ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করে রেখেছেন তারা। অপরদিকে ইরান পুরো হরমুজ বন্ধ করে রেখেছে।

এছাড়া সৌদি ও ইসরায়েলের মধ্যে সেন্টকমের মাধ্যমে আলোচনা হয়েছে কীভাবে গোয়েন্দা তথ্য দিয়ে হুথিদের আটকাতে সৌদি আরবকে সহায়তা করা যায়।— জানিয়েছে সেন্টকম।

এরআগে গতকাল ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম এ নিয়ে প্রথম সংবাদ প্রকাশ করে। তারা জানায়, হুথিদের মোকাবিলায় ইসরায়েলের সহায়তা নিচ্ছে সৌদি।

সূত্র: এক্সিওস, টাইমস অব ইসরায়েল

এমআই/এসএন

মন্তব্য করুন