২০ বছর পর আবারও বিয়ে সুরিয়া ও জ্যোতিকার!
ছবি: সংগৃহীত
০৮:৫৭ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
দুই দশকের দাম্পত্য জীবন পূর্ণ করে নতুন করে ভালোবাসার শপথ নিলেন দক্ষিণ ভারতীয় তারকা দম্পতি সুরিয়া ও জ্যোতিকা। ২০তম বিবাহবার্ষিকীকে স্মরণীয় করে তুলতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে চার্চে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান ‘দ্য সিক্যুয়েল’। সেখানে ফাদারের সামনে ফের বিয়ের শপথ পাঠ করেন তারা।
অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন দুজনেই। জ্যোতিকা জানিয়েছেন, এই আয়োজন নিখুঁত দাম্পত্যের উদযাপন নয়; বরং দুই দশকের ভালোবাসা, মতের অমিল, মানিয়ে নেওয়া, বোঝাপড়া ও ত্যাগের পথচলাকে স্মরণ করার মুহূর্ত।
তার ভাষায়, একসময় এই সম্পর্ক ছিল তার কাছে কল্পনার মতো। এখন সেই কল্পনাই বাস্তব হয়ে উঠেছে এবং জীবনের বাকি সময়টাও সেই ভালোবাসার মধ্যেই কাটাতে চান তিনি।

সুরিয়া-জ্যোতিকার পুনর্বিবাহের ভিডিও প্রকাশের পর ভক্ত ও তারকাদের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে। মাধবন, কাজল আগরওয়াল, রাশি খান্না, জেনেলিয়া দেশমুখ ও সোনাক্ষী সিনহাসহ অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রকাশের মাত্র ১৯ ঘণ্টায় ভিডিওটি ছয় কোটি ১০ লাখের বেশি বার দেখা হয়, আর এতে প্রতিক্রিয়া জানিয়েছেন ৪৫ লাখেরও বেশি মানুষ।
সুরিয়া ও জ্যোতিকার পরিচয় ১৯৯৯ সালে ‘পুভেল্লাম কেট্টুপ্পা’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়। পরবর্তী কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয়ের সুবাদে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। পরে সেই সম্পর্ক রূপ নেয় প্রেমে।
২০০৩ সালে ‘কাখা কাখা’ সিনেমায় অভিনয়ের সময় তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় বলে জানা যায়। তিন বছর পর, ২০০৬ সালের ১৪ সেপ্টেম্বর বিয়ের মাধ্যমে সেই সম্পর্ক পূর্ণতা পায়। দুই দশক পর একই ভালোবাসাকে নতুন করে শপথে বাঁধলেন দক্ষিণের এই জনপ্রিয় তারকা জুটি।
এমআর/এসএন