পাঞ্জাবিদের লড়াই শেখাবেন না: দিলজিৎ দোসাঞ্জ
ছবি: সংগৃহীত
০৯:৩৭ পিএম | ৩১ অক্টোবর, ২০২৬
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। গান ও অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক বিষয়েও নানা সময়ে আলোচনায় এসেছেন তিনি। তবে সম্প্রতি রাজনীতি ও প্রতিবাদ নিয়ে তার একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এবার সেই সমালোচনার জবাব দিলেন এই পাঞ্জাবি তারকা।
কয়েক মাস আগে ইনস্টাগ্রাম লাইভে এক ভক্তের প্রশ্নের জবাবে দিলজিৎ বলেছিলেন, ‘আমি একজন শিল্পী, রাজনীতিক নই।’ তখন দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল। ওই সময় তার এমন মন্তব্যের পর সমালোচনার মুখে পড়েন তিনি। অনেকে মনে করেন, একজন জনপ্রিয় শিল্পী হিসেবে এমন পরিস্থিতিতে তার আরও স্পষ্ট অবস্থান নেওয়া উচিত ছিল।
শুক্রবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নিজের ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর প্রথম কনসার্টে অংশ নেন দিলজিৎ। সেখানে দর্শকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সমালোচকদের জবাব দেন তিনি।

দিলজিৎ বলেন, ‘আমি একজন শিল্পী বলেই আপনাদের সকলকে ভালোবাসি। আমি চুপ করে আছি, তাই আমাকে চুপ থাকতে দিন। আমি সকলকে সমর্থন করি। কিন্তু পাঞ্জাবিদের কীভাবে লড়াই করতে হয়, তা শেখাবেন না।’
তার এই বক্তব্যের মধ্য দিয়ে সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি নিজের অবস্থানও স্পষ্ট করেছেন বলে মনে করছেন অনেকে। তবে এ বিষয়ে সরাসরি কারও নাম উল্লেখ করেননি তিনি।
উল্লেখ্য, সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি অভিনয়েও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। পাঞ্জাবি সিনেমার পাশাপাশি বলিউডেও কাজ করেছেন তিনি। ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর কনসার্ট ঘিরেও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
এসএ/টিএ