হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী?
ছবি: সংগৃহীত
১১:২৯ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, টালিপাড়ায় এমন গুঞ্জনই এখন জোরালো। যদিও বিয়ে কিংবা জীবনসঙ্গী নিয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি অভিনেত্রী। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা।
লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততার বাইরে সম্প্রতি মেকআপহীন বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মিমি। নীল রঙের ঐতিহ্যবাহী পোশাকে মাথা হেলিয়ে মিষ্টি হাসিতে পোজ দিতে দেখা যায় তাকে।
ছবিগুলোর ক্যাপশনও যেন রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। মিমি লিখেছেন, ‘সেলফি কুমারি। বিনা মেকআপওয়ালা মেরা ফেভারিট, অউর মেকআপওয়ালা উনকা।’

মিমির ক্যাপশনের ‘উনকা’ শব্দটিই নজর কেড়েছে অনুরাগীদের। বিষয়টি নিয়ে কৌতূহলী হয়ে অভিনেতার বন্ধু অঙ্কুশ হাজরা মন্তব্য করেন, ‘এই উনকাটা কে?’ জবাবে মিমি লেখেন, ‘ওয়েল, ইওর ওন বিজনেস।’ অর্থাৎ, নিজের কাজ নিয়ে থাকো।
মিমির এই কথোপকথনের পরই নেটিজেনদের একাংশের ধারণা, ‘উনকা’ বলতে হয়তো বিশেষ কোনো মানুষকেই ইঙ্গিত করেছেন অভিনেত্রী। সেখান থেকেই ফের সামনে এসেছে তার বিয়ের গুঞ্জন।
টালিপাড়ার বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে, মিমির হবু জীবনসঙ্গী নাকি বাংলা বিনোদন জগতের কেউ নন। তার নাম সিদ্ধার্থ দত্ত এবং তিনি নৌসেনায় কর্মরত বলে খবর। এমনকি পাহাড়ি শহর কালিম্পঙে বিয়ের আয়োজন হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।
আরও শোনা যাচ্ছে, আগামী নভেম্বরে আইনি বিয়ে সারতে পারেন মিমি। তবে এসব তথ্যের কোনোটিই এখন পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এমআর/টিএ