হলিউডে রিমেক হচ্ছে ‘মহারাজা’, বিজয় সেতুপতির চরিত্রে অস্কারজয়ী অভিনেতা?
ছবি: সংগৃহীত
১২:৪৫ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
তামিল সিনেমার জন্য নতুন এক সম্ভাবনার দরজা খুলেছে। বিজয় সেতুপতি অভিনীত জনপ্রিয় সিনেমা ‘মহারাজা’ এবার হলিউডে রিমেক হতে যাচ্ছে। ২০২৪ সালে মুক্তি পাওয়া এই ক্রাইম থ্রিলার সিনেমাটির হলিউড সংস্করণ তৈরির কাজ এরই মধ্যে শুরু হয়েছে।
সিনেমাটির প্রযোজক সুধন সুন্দরম বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, চীনে ‘মহারাজা’র সাফল্যের পর হলিউডের একটি এজেন্সি সিনেমাটির রিমেক স্বত্বের জন্য নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করে।
সুধনের ভাষ্য, হলিউডের একটি প্রথম সারির অভিনেতাকে নিয়ে সিনেমাটি তৈরির চেষ্টা চলছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে শুরু হতে পারে শুটিং।
তবে হলিউড সংস্করণে বিজয় সেতুপতির চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অস্কারজয়ী অভিনেতা ম্যাথু ম্যাককনাহির নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে তিনি সিনেমাটিতে থাকছেন এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

সুধন সুন্দরম জানিয়েছেন, প্রকল্পের আনুষ্ঠানিকতা চূড়ান্ত হলে সংশ্লিষ্ট এজেন্সির পক্ষ থেকেই অভিনেতা-অভিনেত্রী ও শুটিংয়ের বিস্তারিত জানানো হবে।
২০২৪ সালে মুক্তির পর ‘মহারাজা’ দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়। সিনেমাটিতে বিজয় সেতুপতি একজন নাপিতের চরিত্রে অভিনয় করেন। তাঁর মেয়ের চরিত্রে ছিলেন সঞ্চনা নামিদাস। অন্যদিকে খল চরিত্রে দেখা যায় অনুরাগ কাশ্যপকে।
শুধু ভারতেই নয়, চীনেও সিনেমাটি বড় সাফল্য পায়। সেখানে বক্স অফিসে সিনেমাটির আয় ৯১ কোটি ৬৫ লাখ রুপি ছাড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে সঞ্চনা নামিদাসের অভিনয়ও প্রশংসিত হয়। ২০২৬ সালে ‘মহারাজা’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান তিনি।
এবার সেই ‘মহারাজা’র গল্পই হলিউডের দর্শকদের সামনে নতুনভাবে আসতে যাচ্ছে। তবে নতুন সংস্করণে কারা অভিনয় করবেন এবং কোন নির্মাতা এটি পরিচালনা করবেন, সেসব তথ্য জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
কেএন/টিএ