ধামরাইয়ে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত
০৭:৪৩ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকার ধামরাইয়ে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে সিএনজিচালক এবং এক নারী ও শিশু যাত্রী নিহত রয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নান্দেশ্বরী এলাকার সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজির যাত্রী আবুল হোসেনের মেয়ে আঁখি (৩০) ও জসিমের ছেলে জাকারিয়া (১২)। এ ছাড়া সিএনজিচালক টাঙ্গাইল জেলার সদর থানার চর খিদির গ্রামের বাসিন্দা জুয়েল (৪০)।
পুলিশ জানায়, দুপুরে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকায় কালামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি সাটুরিয়ায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ চারজন আহত হযন। তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস।
তিনি বলেন, সিএনজি ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে সিএনজি চালক ও দুইজন আরোহী ছিলেন। ঘটনার পর ঘাতক ট্রাকের চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে নিহতদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এমআর/টিএ