লালমনিরহাটে ২ মন্ত্রীর উপস্থিতিতে মারামারির ঘটনায় বিএনপি নেতাকে শোকজ
ছবি: সংগৃহীত
০৮:৫৭ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অশালীন বক্তব্য প্রদান এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
বৃহস্প্রতিবার (১৭ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা বিএনপির পক্ষ থেকে দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপনের স্বাক্ষর করা নোটিশটি জারি করা হয়।
নোটিশে বলা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর জেলা বিএনপির মতবিনিময় সভায় শামসুজ্জামান সবুজের উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যা জেলা বিএনপির স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। এ ছাড়া তার এ ধরনের অশালীন বক্তব্য দলীয় শৃঙ্খলা ও শালীনতার পরিপন্থি এবং তৃণমূল নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের ইন্ধন যোগায়।
এতে আরও উল্লেখ করা হয়, গত ১৭ মার্চ একই ধরনের শৃঙ্খলাহীন আচরণের কারণে তাকে সতর্কীকরণ নোটিশ প্রদান করা হয়েছিল। কিন্তু তিনি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা থেকে বিরত থাকেননি।
হেনস্তামূলক ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না- তা নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপির নিকট লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর লালমনিরহাট জেলা বিএনপির এক মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে ব্যাপক হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হন।
এমআর/টিএ