বিস্কুটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ
ছবি: সংগৃহীত
০৪:১৯ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গুরুতর আহত শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসাসেবা চলছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন বিকেলে আসরের নামাজের পর শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় রহমতপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে কিশোর লাকিব মিয়া বিস্কুট দেওয়ার কথা বলে শিশুটিকে একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত লাকিব মিয়া দরজা খুলে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়।
শিশুটির চাচা বলেন, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘটনার পর থেকে সে বারবার আঁতকে উঠছে। রাতেই তাকে থানায় নিয়ে যাই এবং পুলিশকে দেখিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, নির্যাতনের শিকার শিশুটিকে নিয়ে কাল রাতে থানায় নিয়ে আসা হয়েছিল। চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবার জানিয়েছে আজকে বিকেলে থানায় অভিযোগ দাখিল করবেন। শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
এফআর/টিএ