© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া

শেয়ার করুন:
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১০ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে দক্ষিণ কোরিয়া কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ বা সেনা পাঠাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

লি জে-মিয়ং জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সং'ঘা'তে দক্ষিণ কোরিয়াকে জড়িয়ে ফেলতে পারে এমন কোনো সামরিক অভিযানে দেশটি সেনা মোতায়েন করবে না।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী সিউলে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, দেশটির বাণিজ্যিক জাহাজ এবং তেল পরিবহন রুটের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘ন্যূনতম প্রয়োজনীয় পদক্ষেপ’ নেবে।

বিশেষ করে হরমুজ প্রণালিতে চলাচলকারী দক্ষিণ কোরিয়ার জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে সিউলের উদ্বেগ রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে সামরিক উত্তেজনা বাড়ায় দক্ষিণ কোরিয়ার জাহাজ ও জ্বালানি সরবরাহ ঝুঁকির মুখে পড়তে পারে।

লি জে-মিয়ংয়ের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইরান যু'দ্ধে'র সঙ্গে দক্ষিণ কোরিয়াকে জড়ানো এবং হরমুজ প্রণালিতে সামরিক বাহিনী মোতায়েনের বিরুদ্ধে দেশটির অভ্যন্তরে জনমত ও প্রতিবাদ বাড়ছে।

সাম্প্রতিক বিক্ষোভগুলোতে হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পাঠানোর সম্ভাবনার বিরোধিতা করা হয়েছে। এর মধ্যেই প্রেসিডেন্টের পক্ষ থেকে স্পষ্ট করা হলো, সংঘাতে জড়িয়ে পড়ার মতো কোনো সামরিক সেনা মোতায়েন করবে না সিউল।

তবে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী সীমিত পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট লি।

সূত্র: আল জাজিরা

এমআর/টিএ  

মন্তব্য করুন