© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁওয়ে পৃথক হাতবোমা বিস্ফোরণ

শেয়ার করুন:
যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁওয়ে পৃথক হাতবোমা বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৮ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে, মহাখালী ও আগারগাঁওয়ে পৃথক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ৮টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানায় কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর।

তিনি বলেন, থানার ফটকের সামনে বিস্ফোরণের শব্দ গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তারা তদন্ত করে দেখছেন প্রকৃত ঘটনা কী।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ‘ককটেল বিস্ফোরণে একজন অটোরিকশা চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এর আগে সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি হাতবোমা নিচে ফেলা হলে সেটি বিস্ফোরিত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক। তিনি বলেন, ‘কেউ উপর থেকে ককটেল নিচে মেরেছে। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।’

অন্যদিকে, একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। পুলিশের টিম ঘটনাস্থলে কাজ করছে।’

এর আগে দুপুরে জুমার নামাজের পর পর মালিবাগ রেলগেইট সংলগ্ন সড়কে দুটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো ঘটনাতেই হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এমআর/টিএ  

মন্তব্য করুন