দেশে সরকারি ব্যবস্থাপনায় চালু হচ্ছে ভাসমান হাসপাতাল
ছবি: সংগৃহীত
১২:৪২ এএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় চালু হতে যাচ্ছে ভাসমান হাসপাতাল। বিশেষ করে উপকূলীয় ও চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য ও নৌপরিবহন মন্ত্রণালয় যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিত্যক্ত তিনটি জাহাজকে স্বাস্থ্যসেবা দেওয়ার উপযোগী করে তৈরি করা হবে ভাসমান হাসপাতাল।
রাজধানীর সদরঘাট এলাকায় থাকা ওই তিনটি জাহাজ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান।
জাহাজ তিনটি পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, "পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই ভাসমান হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দুর্গম ও স্বাস্থ্যসেবা-বঞ্চিত এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে"
এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান জানান, “দেশের উপকূলীয় অঞ্চল ও চরাঞ্চলে যেখানে স্বাস্থ্যসেবা তেমন একটা পৌঁছায়নি, আমরা তাদের লক্ষ্য করে এই উদ্যোগ হাতে নিয়েছি। ভাসমান হাসপাতাল চালুর পর এর কার্যক্রম সফল হলে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে।”
উল্লেখ্য, দেশে এর আগেও ১৯৯৯ সালে বেসরকারি উদ্যোগে ‘জীবন তরী’ নামে একটি ভাসমান হাসপাতাল চালু হয়েছিল। দীর্ঘ ২৭ বছর পর আবারও সরকারি উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হচ্ছে এই উদ্যোগ।
এমআই/টিএ