© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানবপাচার: নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সাত দিনের রিমান্ডে

শেয়ার করুন:
মানবপাচার: নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সাত দিনের রিমান্ডে
own-reporter
০২:৩৩ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২০

মানবপাচারের অভিযোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে এ আদেশ দেন।

লালবাগ থানার মানবপাচার আইনে করা মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ইভানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান। ইভানের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপপরিদর্শক স্বপন এ তথ্য জানান।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর সাতদিনের এ রিমান্ড আবেদন করে সিআইডি। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার ইভানের উপস্থিতিতে ২১ সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা ইভানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ রেজাউল হায়দার জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ড্যান্সবারে কাজ দেওয়ার নামে নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভানকে আটক করা হয়েছে।

তিনি জানান, দুবাইয়ে ড্যান্সবারের আড়ালে নারী পাচারের অভিযোগে সম্প্রতি আজম খানসহ নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে দু’জন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কোরিওগ্রাফার ইভানের নাম বলেছেন। সেই তথ্যের ভিত্তিতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট তাকে আটক করে।

এ চক্রটি দুবাইয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে নৃত্যশিল্পী নিয়ে যেত। পরে এদের মধ্য থেকে কয়েকজনকে রেখে আসতেন এমন অভিযোগ রয়েছে বলে জানান সিআইডির এ কর্মকর্তা।

গত মাসে দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে আজম খানসহ নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করে সিআইডি।

সংশ্লিষ্টরা জানান, চক্রটি মূলত নৃত্যকেন্দ্রিক। কয়েকজন নৃত্য সংগঠক ও শিল্পী এ চক্রের সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে মেয়েদের সংগ্রহ করে কাজ দেওয়ার নামে দুবাই পাঠাচ্ছিলেন। পরে দুবাইয়ের হোটেল ও ড্যান্সবারে তাদের যৌনকর্মে বাধ্য করতেন।

সিআইডি আরও জানায়, গত ২ জুলাই আজম খান ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃণাল কান্তি দাশ। ইভান শাহরিয়ার সোহাগকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। ২০১৭ সালে নির্মিত ধ্যাততেরিকি নামে একটি সিনেমায় নৃত্য পরিচালনার জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন