টেইলরের কাছেই ফুটবল শিখলেন টম ক্রুজ!
ছবি: সংগৃহীত
০৫:২১ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২৬
একজন হলিউডের অ্যাকশন তারকা, অন্যজন পপসংগীতের বিশ্বখ্যাত তারকা। টম ক্রুজ ও টেইলর সুইফটকে একসঙ্গে দেখলেই ভক্তদের কৌতূহল তৈরি হওয়াটাই স্বাভাবিক।
আর যদি দেখা যায়, ফুটবল ম্যাচে পাশাপাশি বসে বেশ কিছুক্ষণ প্রাণখোলা আড্ডায় মেতেছেন দুই তারকা, তাহলে সেই কৌতূহল আরো বেড়ে যায়। সম্প্রতি কানসাস সিটি চিফসের মৌসুমের প্রথম ম্যাচে এমন দৃশ্যই দেখা যায়। টেইলরের জীবনসঙ্গী ট্র্যাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের ওই ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছিলেন পপতারকা। সেদিন টেলিভিশন জগতের অন্যতম বড় আয়োজন এমি অ্যাওয়ার্ডস থাকলেও সেখানে না গিয়ে মাঠে গিয়েছিলেন তিনি।
আর সেখানেই টম ক্রুজের সঙ্গে দীর্ঘ আলাপে মেতে ওঠেন টেলর। দুই তারকার সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। এরপর থেকেই ভক্তদের মনে ঘুরছিল একটাই প্রশ্ন- কী নিয়ে এতক্ষণ কথা বলছিলেন তারা? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কৌতূহলের উত্তর দিয়েছেন টম ক্রুজ।
অভিনেতা জানান, সেদিন বরং টেলরই তাকে ফুটবল সম্পর্কে ‘পাঠ’ দিচ্ছিলেন। টমের ভাষায়, ‘ও আমাকে ফুটবল শেখাচ্ছিল।’ একই সঙ্গে টেলর যে ফুটবল বেশ ভালো বোঝেন, সেটিও স্বীকার করেছেন তিনি।
কোভিড মহামারির পর দীর্ঘ সময় কোনো ফুটবল ম্যাচ দেখতে মাঠে যাননি টম। তিনি জানান, কোভিডের আগে সর্বশেষ ফুটবল ম্যাচ দেখেছিলেন। তাই অ্যারোহেড স্টেডিয়ামে কানসাস সিটি চিফসের ম্যাচে উপস্থিত হওয়া ছিল তার জন্য দীর্ঘ বিরতির পর ফুটবল মাঠে ফেরার মতো।

আর সেই প্রত্যাবর্তনের দিনেই পাশে পেয়েছিলেন ফুটবল সম্পর্কে অভিজ্ঞ টেলরকে। তবে দুই তারকার আলাপ শুধু ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গান ও সিনেমা নিয়েও কথা হয়েছে তাদের। টেইলরের কাজের প্রতি নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন টম। পপতারকার প্রশংসা করতে গিয়ে তাকে ‘জিনিয়াস’ বলেও অভিহিত করেছেন তিনি।
টমের মতে, টেইলর শুধু অসাধারণ গায়িকাই নন, একজন দক্ষ গীতিকার ও সংগীতশিল্পীও। এমনকি পরিচালনার ক্ষেত্রেও তার প্রতিভার প্রশংসা করেছেন এই হলিউড তারকা।
টেইলরের ক্যারিয়ারও দীর্ঘদিন ধরে অনুসরণ করছেন টম। অল্প বয়স থেকেই কীভাবে নিজের অবস্থান তৈরি করেছেন টেইলর, সেটিও তার নজরে রয়েছে। ফলে সেদিনের আড্ডায় ফুটবল থেকে গান, আবার গান থেকে সিনেমা- বিভিন্ন প্রসঙ্গ উঠে আসাই স্বাভাবিক।
অন্যদিকে, টম ক্রুজও টেইলর সুইফটের ভক্ত হিসেবে পরিচিত। এর আগে টেইলরের একটি কনসার্টেও উপস্থিত থাকতে দেখা গেছে এই হলিউড তারকাকে।
এসএ/ টিএ