© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান নিয়ে বড় কিছু ঘটতে চলেছে: ট্রাম্প

শেয়ার করুন:
ইরান নিয়ে বড় কিছু ঘটতে চলেছে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৮ এএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান নিজেদের আচরণ পরিবর্তন না করলে অদূর ভবিষ্যতে ‘বড় ধরনের ঘটনা’ ঘটতে যাচ্ছে বলেও সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সরাসরি বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাতে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানায়।

ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মূল প্রশ্ন হলো, ইরানকে পুরোপুরি ধ্বংস করার সিদ্ধান্ত আমি নেব কি না এবং নিলে কখন নেব? তাদের বরং নিজেদের আচরণ ঠিক করা উচিত।’ সাক্ষাৎকারে যুদ্ধের পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি তিনটি বিকল্পের কথা তুলে ধরেন—ইরানকে সামরিকভাবে ধ্বংস করা, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হতে দেওয়া অথবা একটি সমঝোতায় পৌঁছানো।

সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বিতর্ক শুরু হতে যাচ্ছে। এই সম্মেলন চলাকালে কূটনৈতিক আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প জানান, পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে তার কোনো আপত্তি নেই। তবে এ নিয়ে তেহরান বা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আঞ্চলিক সংঘাতের বিষয়ে ট্রাম্প দাবি করেন, সৌদি আরবে সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে ওয়াশিংটনের নিয়মিত যোগাযোগ রয়েছে। হুতিরা মার্কিন বাহিনীর বিরুদ্ধে সরাসরি লড়াই না করার বিষয়ে সম্মত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটতে পারে।

এদিকে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে রোববার (২০ সেপ্টেম্বর) নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন নাগরিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় ইরান বা তাদের সমর্থিত গোষ্ঠীগুলো হামলা চালাতে পারে বলে ওই সতর্কবার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

এফআর/টিএ

মন্তব্য করুন