© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইজেনকোট ব্যর্থ হলে সরকার গঠনের সুযোগ পাবেন নেতানিয়াহু

শেয়ার করুন:
আইজেনকোট ব্যর্থ হলে সরকার গঠনের সুযোগ পাবেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৯ এএম | ০৮ নভেম্বর, ২০২৬
ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের জন্য বিরোধী দলের জোট ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটকে দায়িত্ব দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

এরমাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পতনের সুযোগ তৈরি হয়েছে। তবে তার পতন যে হয়ে যাবে সেটির নিশ্চয়তা নেই। এ কারণ— ইসরায়েলের জটিল রাজনীতি।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাদি আইজেনকোট তার নিজ জোটের দল, অতি গোঁড়া ইহুদি দল এবং আরব দলগুলো এমনকি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কিছু রাজনীতিককে নিয়ে সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আজ প্রেসিডেন্ট তাকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের জন্য ম্যান্ডেট প্রদান করবেন। তার আইজেনকোটের সামনে থাকবে ২৮দিন। এই ২৮ দিনের মধ্যে অন্যান্য দলগুলোর সঙ্গে সমঝোতা করে তাকে সরকার গঠন করতে হবে। এ সময়ের মধ্যে যদি তিনি ব্যর্থ হন তাহলে প্রেসিডেন্ট তাকে আরও ১৪ দিন সময় বাড়তি দিতে পারেন।

এই সময়ের মধ্যেও যদি আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হন তখন নতুন করে সুযোগ পাবেন যুদ্ধাপরাধে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহু।

টাইমস অব ইসরায়েল বলেছে, গাদি আইজেনকোট সরকার গঠনের জন্য ম্যান্ডেট পেলেও; তার জন্য বিষয়টি একদমই সহজ হবে না।

কারণ তার জোটে যেসব দল আছে সেগুলোর একটি বাদে সবাই প্রকাশ্যে আরব দল রা’আম এবং জয়েন্ট লিস্টের সঙ্গে জোট গঠনের বিরোধীতা জানিয়েছে। এছাড়া জোটের কয়েকটি দল অতি গোঁড়া ইহুদি দলের সঙ্গে মিলেও সরকার গঠন করতে চায় না।

গাদি আইজেনকোটের দল গতকাল এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর দল লিকুদের যারা তাদের শর্ত মানতে প্রস্তুত আছে; চাইলে তারাও আইজেনকোটের সঙ্গে জোটবদ্ধ হতে পারে। তবে আইজেনকোট একাধিকবার বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে কোথাও কোনো জায়গায় তিনি জোট করবেন না। তার মত হলো, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে যারা ব্যর্থ হয়েছেন তাদের আর জনপ্রতিনিধি হিসেবে থাকা উচিত নয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, আইজেনকোট যদি আরব দলগুলোর সঙ্গে মেলেন তাহলে তিনি এখনই সরকার গঠন করতে পারবেন। কিন্তু তার জোটের অন্যান্য দলগুলোর জন্য এটি বাধা হয়ে দাঁড়িয়েছে।

তবে নেতানিয়াহু সুযোগ পেলেও যে সহজে সরকার গঠন করে ফেলবেন; বিষয়টি এমন নয়। তাকেও এক্ষেত্রে হিমশিম খেতে হবে। আর কেউ যদি শেষ পর্যন্ত সরকার গঠন করতে না পারে তাহলে ইসরায়েলে আবারও নির্বাচন হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমআর/ 

মন্তব্য করুন