চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন
ছবি: সংগৃহীত
০৯:০৭ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ডান হ্যামস্ট্রিংয়ের চোটে ২০তম এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। চোটের কারণে প্রায় তিন সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে তাকে।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। পরে শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর তার চোট নিশ্চিত হয়।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় সাইফউদ্দিন ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান।
শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোটটি নিশ্চিত হয়েছে। সুস্থ হতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসনের প্রয়োজন হবে।’
সাইফউদ্দিনের এশিয়ান গেমসে খেলতে না পারার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানিয়েছে। তার পরিবর্তে একজন খেলোয়াড়কে দলে নেওয়া হবে। তবে সেই পরিবর্তনের জন্য গেমস কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।
আরআই/টিএ