© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাতৃত্বের শরীর নিয়ে কটূক্তি : ক্যাটরিনার পাশে দাঁড়ালেন পরিণীতি চোপড়া

শেয়ার করুন:
মাতৃত্বের শরীর নিয়ে কটূক্তি : ক্যাটরিনার পাশে দাঁড়ালেন পরিণীতি চোপড়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪০ এএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
মা হওয়ার পর প্রতিটি নারীর শরীরেই কিছু স্বাভাবিক পরিবর্তন আসে। কিন্তু শোবিজের তারকা হলে যেন সেই চেনা সমীকরণ বদলে যায়! সন্তান জন্মদানের পর সম্প্রতি জনসম্মুখে আসতেই ট্রলের মুখে পড়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। তার শারীরিক পরিবর্তন ও প্লাস্টিক সার্জারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বয়ে যাচ্ছে একের পর এক নেতিবাচক মন্তব্য। 

তবে এই কটু কথার বিরুদ্ধে এবার সোচ্চার হয়েছেন আরেক তারকা ও নতুন মা পরিণীতি চোপড়া। ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে বডি শেমারদের ‘অশিক্ষিত’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে পরিনীতি বলেন, ‘কেউ যখন একজন নারীর মাতৃত্ব-পরবর্তী শরীর নিয়ে মন্তব্য করে, তখন আমার কাছে সেটা অত্যন্ত অশিক্ষিত মানসিকতা বলে মনে হয়।’



তার কথায়, ‘চুল কাটলে যেমন চুল ছোট হয়, ঘুরতে গেলে গায়ে রোদ লাগে, কিংবা জিমে গেলে অ্যাবস তৈরি হয় কাজের প্রভাব তো শরীরে ফুটে উঠবেই! এসব সাধারণ পরিবর্তনকে সবাই স্বাভাবিকভাবে মেনে নেয় এবং উদযাপন করে।’

অভিনেত্রী আরও বলেন, ‘অথচ একটি নতুন প্রাণ, একটি নতুন জীবন পৃথিবীতে আনার পর নারীর শরীরে যে পরিবর্তন আসে সেটাকে কেন ইতিবাচকভাবে উদযাপিত করা হয় না? একজন মায়ের শরীরে স্ট্রাচ মার্ক দেখলে তো বরং বলা উচিত, 'তুমি একটি সন্তানকে জন্ম দিয়েছ, এটা কত চমৎকার ব্যাপার!' বিষয়টাকে আমার কাছে সবসময় এভাবেই মনে হয়।’

ক্যাটরিনাকে ঘিরে চলমান এই নেতিবাচকতা বা ট্রোলিং নিয়ে তিনি নিজে কতটা সচেতন এমন প্রশ্নে পরিনীতি জানান, তিনি এসব থেকে সবসময় দূরত্ব বজায় রাখেন। তার কথায়, ‘সোশ্যাল মিডিয়ায় আমি খুব একটা সময় কাটাই না। তাই কে কাকে নিয়ে ট্রোল করছে, তা আমার চোখেই পড়ে না। আমার কাছে এসব বিষয় এতটাই অর্থহীন যে এসবের পেছনে সময় নষ্ট করা বোকামি।’

এমআর/টিএ  

মন্তব্য করুন