© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

শেয়ার করুন:
দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৯ এএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অপরাধীদের সংশোধনের উদ্যোগ নিয়েছেন। একাধিকবার মাদক মামলায় জড়িয়ে জামিনে বের হয়ে আবারও একই কর্মকাণ্ডে ফেরার অভিযোগে দুই মাদক কারবারিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে নৈতিক সংশোধনের সুযোগ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন তিনি। জানা গেছে, কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের শাহজালাল ও হেলাল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে একাধিকবার মাদকসংক্রান্ত মামলা হয়। আইনগত প্রক্রিয়া শেষে জামিনে মুক্ত হয়ে তারা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়তেন বলে স্থানীয়ভাবে অভিযোগ ছিল। তাই শুধু আইনি ব্যবস্থা নয়, তাদের জীবনধারায় পরিবর্তন আনার উদ্যোগ নেন ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম।

এলাকাবাসীর সহযোগিতায় দুই ব্যক্তিকে থানায় ডেকে এনে নৈতিক ও ধর্মীয় শিক্ষার উদ্দেশ্যে তিন দিনের তাবলিগ জামাতে পাঠান তিনি। তিন দিনের তাবলিগ শেষে মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে তারা কচুয়া থানায় গিয়ে ওসি আজিজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা নিজেদের ভুল স্বীকার করে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন।

শাহজালাল ও হেলাল বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রতি মাসে তিন দিন তাবলিগে যাওয়ার চেষ্টা করবে এবং ভবিষ্যতে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে আর জড়িত হবো না।’

চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ‘শুধু মামলা দিয়ে সব সময় মাদক নির্মূল সম্ভব নয়। তাদের নৈতিকভাবে পরিবর্তন করতে হবে। আমরা চাই তারা সত্যিকারের ভালো মানুষ হয়ে সমাজে ফিরে আসুক।’

এদিকে ওসি আজিজুলের এ উদ্যোগে স্থানীয় সচেতন মহলের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মতে, মাদকবিরোধী অভিযান ও আইনি ব্যবস্থার পাশাপাশি অপরাধে জড়িয়ে পড়া ব্যক্তিদের সংশোধনের এমন সুযোগ দেওয়া হলে সমাজে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এফআর/টিএ

মন্তব্য করুন