জবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রেজওয়ানকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ
ছবি: সংগৃহীত
০৩:৩০ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মো. রেজওয়ান আহম্মেদকে (২৪) পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। রিমান্ড আবেদনে তাকে নিষিদ্ধ সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) আসামিকে আদালতে হাজির করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল আলম টুটুল। আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী জানিয়েছেন, বুধবার বিকেলে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলার অভিযোগ ও রিমান্ড আবেদনে বলা হয়, গত ৯ নভেম্বর রাত ৭টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা রাস্তায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজওয়ান স্বীকার করেছেন, এজাহারনামীয় অন্য আসামি এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন ব্যক্তি দেশ ও সম্পত্তির ক্ষতিসাধন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসাইন বাদী হয়ে রেজওয়ানসহ এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন। আসামিকে জামিন দেওয়া হলে তিনি আত্মগোপন করতে পারেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত, ককটেল বিস্ফোরণের রহস্য উদ্ঘাটন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এমআই/