ইরানের বেলুচিস্তানে সংঘর্ষে আইআরজিসির কমান্ডার নিহত
ছবি: সংগৃহীত
০১:৪০ এএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে একটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের সময় দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার নিহত হয়েছেন।বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি জানিয়েছে, নিহত কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন জারিফি। তিনি সারাভান শহরের সাজ্জাদ অপারেশনস বেসের কমান্ডার ছিলেন।
ইরানের পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী ও আইআরজিসিকে লক্ষ্য করে বিভিন্ন হামলা হয়ে আসছে। এসব হামলার দায় অতীতে জাইশ আল-আদলসহ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেছে।
এর আগে বুধবার আইআরজিসি জানিয়েছিল, সারাভানের জিহাদাবাদ এলাকায় একটি সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় অভিযান চালানো হয়েছে। সংঘর্ষে ওই গোষ্ঠীর পাঁচ সদস্য নিহত এবং কয়েকজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তারা।
অভিযানের সময় ওই আস্তানা থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি।
আইআরজিসির দাবি, ওই সশস্ত্র গোষ্ঠীটি সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে হামলার পরিকল্পনা করছিল। তাদের ভাষ্য, প্রদেশটিতে অস্থিতিশীলতা তৈরির পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা রয়েছে।
সূত্র: শাফাক নিউজ
এমআর/টিএ