© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালমান মুক্তাদিরকে দায়িত্বশীল তথ্য পরিবেশনের আহ্বান জাহেদ উর রহমানের

শেয়ার করুন:
সালমান মুক্তাদিরকে দায়িত্বশীল তথ্য পরিবেশনের আহ্বান জাহেদ উর রহমানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৩ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা ও তা নিয়ে বক্তব্যের জবাবে দায়িত্বশীল তথ্য পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় উপদেষ্টা জানান, কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং তার স্বপ্নের একটি স্থান ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের পক্ষ থেকে তার প্রতি পূর্ণ সহানুভূতি রয়েছে। যেকোনো নাগরিকের স্থাপনা ভাঙচুর করা একটি ফৌজদারি অপরাধ এবং এ বিষয়ে সুরক্ষার অভাবের জন্য সরকারকে দায়ী করা যেমন স্বাভাবিক, তেমনি অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করাও সরকারের ম্যান্ডেটের অন্তর্ভুক্ত।

তবে সালমান মুক্তাদিরের ভিডিও লাইভে দেয়া তথ্যের ফ্রেমিং নিয়ে আপত্তি তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, প্রাথমিক লাইভে চাঁদাবাজির অভিযোগ এনে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে দায়ী করে বক্তব্য দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সালমান মুক্তাদির নিজেই স্বীকার করেছেন যে, তার কাছে সরাসরি কোনো চাঁদা চাওয়া হয়নি। এমনকি তার ল্যান্ডলর্ডের কাছে চাঁদা চাওয়া হয়েছিল কি না, সে বিষয়েও তিনি নিশ্চিত ছিলেন না।

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ের তথ্য উল্লেখ করে উপদেষ্টা জানান, অনুসন্ধানে দেখা গেছে এটি মূলত একটি হাউজিং কোম্পানি ও একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার মধ্যবর্তী জমির বিরোধ (ডিসপিউট)। ওই বিতর্কিত জমির একটি টিনশেড ঘরে সালমান মুক্তাদিরের স্টুডিও ছিল, যা দুই পক্ষের জমিসংক্রান্ত দখল-পুনরুদ্ধারের ঘটনার মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই ঘটনার সঙ্গে চাঁদাবাজির কোনো সরাসরি সম্পর্ক ছিল না।

অসমর্থিত তথ্য ও অসম্পূর্ণ ফ্রেমিংয়ের মাধ্যমে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো সম্পর্কে সতর্ক করে উপদেষ্টা আরও বলেন, ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের সমাজ ও তরুণদের ওপর অনেক বেশি প্রভাব থাকে। যাচাই না করে বা তাৎক্ষণিক আবেগের বশবর্তী হয়ে তথ্য পরিবেশন করলে মিসইনফরমেশন বা অপতথ্য ছড়িয়ে পড়ে যা ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা করা বা দ্রুত বিচারের দাবি জানানো যৌক্তিক হলেও, কোনো তথ্য নিশ্চিত না হয়ে ঢালাও মন্তব্য করা উচিত নয়।

তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, সালমান মুক্তাদির এই ক্ষতি কাটিয়ে উঠে তার কাজ চালিয়ে যাবেন এবং ভবিষ্যতে অনলাইন মাধ্যমে তথ্য প্রকাশের ক্ষেত্রে আরও বেশি সচেতনতা ও দায়িত্বশীলতার পরিচয় দেবেন।

কেএন/টিএ

মন্তব্য করুন