© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা ওয়াসা এমডির নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিট

শেয়ার করুন:
ঢাকা ওয়াসা এমডির নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিট
own-reporter
০৩:০২ পিএম | ২৪ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী খন্দকার মনজুর মোরসেদের পক্ষে আইনজীবী মো. তানভীর আহমেদ রিটটি দায়ের করেন।

রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় সচিব, ঢাকা ওয়াসার এমডিসহ চারজনকে বিবাদী করা হয়েছে।

আগামী সপ্তাহে হাইকোর্টের বিচারপতি জে বিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী তানভীর আহমেদ।

আবেদনে প্রকৌশলী তাকসিম এ খানকে এমডি হিসেবে নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব সংক্রান্ত ১৯ সেপ্টেম্বর ওয়াসা বোর্ডের নেওয়া সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

একইসঙ্গে প্রকৌশলী তাকসিম এ খানকে এমডি হিসেবে নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব সংক্রান্ত ১৯ সেপ্টেম্বর ওয়াসা বোর্ডের নেওয়া সিদ্ধান্তের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছে।

এছাড়া ওয়াসা বোর্ডের সচিব কোন ক্ষমতাবলে ১৯ সেপ্টেম্বরের বোর্ড সভার জন্য ১৭ সেপ্টেম্বর নোটিশ ইস্যু করেছেন, সে বিষয়ে ২ সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুমোদন দিলে ষষ্ঠবারের মতো এই পদে বসতে যাচ্ছেন তিনি।

২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথম নিয়োগ পান তাকসিম এ খান। এরপর চার দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার পঞ্চমবারের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে গত বৃহস্পতিবারের এক নোটিশে আজ বিশেষ বোর্ড সভার আয়োজন করা হয়। সভার একমাত্র আলোচ্য বিষয় ছিল তাকসিম এ খানকে আরও তিন বছরের জন্য নিয়োগ দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো।

বোর্ড সভায় সভাপতিত্ব করেন ওয়াসার বোর্ড সদস্য ও সরকারদলীয় সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। সভায় তাকসিম এ খানসহ এক ঘণ্টার জুম মিটিংয়ে নয়জন অংশ নেন।

আরও পড়ুন

ওয়াসা’র এমডির মেয়াদ তিন বছর বাড়ানোর প্রস্তাব

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন