পলায়নকারী ফ্যাসিস্ট কখনো ফিরে আসতে পারবে না: আমান
ছবি: সংগৃহীত
০৯:৫৪ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ইতিহাস বলে কোনো পলায়নকারী স্বৈরাচার বা ফ্যাসিস্ট কোনোদিন ফিরে আসতে পারেনি, এরাও ফিরে আসতে পারবে না।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘তারা এখন বিদেশে পালিয়ে গিয়ে তাদের নেতা-কর্মীদের চাঙা রাখতে নানা কথা বলছেন, কিন্তু খালি কথায় আর ফেরা যাবে না।’
ফ্যাসিস্টদের পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে আমান বলেন, ‘দেশ যখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, তখন ফ্যাসিস্টদের পরিকল্পিত নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা পালিয়ে গিয়ে এখন ফিরে আসার হুমকি দিচ্ছে।’
তিনি বলেন, ‘আরেকটি মহল বিএনপির বিরুদ্ধে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। এজন্য দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা খুন করেছে, হাজার হাজার ছাত্রদের হত্যা করেছে, সেই খুনিদের জায়গা বাংলাদেশে হতে পারে না। তাদেরকে যেখানেই দেখা যাবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। নিজেরা আইন হাতে তুলে নেবেন না।’
আমান বলেন, ‘আমরা যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছিলাম, একইভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। গণতন্ত্রের ওপর আঘাত মোকাবিলায় বিএনপি রাজপথেই থাকবে।’
মৎসজীবী দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমির হোসেন আমিরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, মৎস্যজীবী দলের সদ্য সাবেক সদস্য সচিব আবদুর রহিম, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনিসহ অনেকে। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।
আরআই/টিএ