গ্রিস সফরে মাইক পম্পেও, নতুন ভাবনায় তুরস্ক
আগামী সপ্তাহে গ্রিস সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তুরস্কের সঙ্গে ভূমধ্যসাগরে গ্রিসের চলমান উত্তেজনার মধ্যেই পম্পেওর সফর নিয়ে তাই শুরু হয়েছে জল্পনা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, গ্রিস-তুরস্ক উত্তেজনার মধ্যে এথেন্সে মাইক পম্পেওর সফর এটাই প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র গ্রিসের পাশে রয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী সপ্তাহে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনার জন্য ইতালি সফরে যাবেন মাইক পম্পেও। ওই সময় তিনি ভ্যাটিকান সিটিতে যাত্রা বিরতি করবেন। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের ওই সময়ে পম্পেও গ্রিস ও ক্রোয়েশিয়াও সফর করবেন পম্পেও।
এএফপি বলছে, চলতি বছরে এটা হবে পম্পেও দ্বিতীয়বারের মত গ্রীস সফর। তবে এবার গ্রিস সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশটির উত্তরাঞ্চলীয় থাসালোনিকি নগরী এবং দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে যাবেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, পম্পেও পূর্ব ভূমধ্যসাগরে নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধির অগ্রগতির ব্যাপারে যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতি নবায়ন করতে এই সফর করছেন।
প্রসঙ্গত, গ্রিসের দাবি করা জলসীমা থেকে তেল ও গ্যাস সংগ্রহে সামরিক ফ্রিগেট পাহারায় তুরস্ক একটি জাহাজ পাঠালে সেখানে দুই দেশের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। যা এখনো অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর গ্রিস সফর তুরস্ককে নতুন করে ভাবনায় ফেলে দিতে পারে।
টাইমস/এসএন