© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেয়ার করুন:
আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২০ এএম | ০১ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। জেলার পরশুরাম ও ফুলগাজীতে দিনব্যাপী একাধিক উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

তার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উন্নয়ন-প্রত্যাশার পাশাপাশি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং প্রস্তুতির ছোঁয়া লেগেছে। প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক হাজার ২৫০ জন সদস্যের সমন্বয়ে চার স্তরের কঠোর নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে যাত্রা করবেন। দুপুর সাড়ে ১২টায় পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে তিনি 'মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)'-এর উদ্বোধন করবেন এবং উপস্থিত লোকজনের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন। এরপর দুপুর ১টা ১৫ মিনিটে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হয়ে সেখানে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো থেকে ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত 'রুফটপ সোলার' থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তার।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদান করবেন। দিনব্যাপী এসব নিবিড় কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন তিনি এবং রাত ৯টার দিকে তার রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লার প্রশাসন গোয়েন্দা সংস্থা, পুলিশ ও বিজিবির সমন্বয়ে কাজ করছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেলিকপ্টার অবতরণের ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে, রাজনৈতিকভাবেও এই সফর ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ১০৪ কিলোমিটার মহাসড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে কুমিল্লা মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

কেএন/টিএ

মন্তব্য করুন