© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লা অতিক্রম করেছেন প্রধানমন্ত্রীর গাড়ি বহর

শেয়ার করুন:
কুমিল্লা অতিক্রম করেছেন  প্রধানমন্ত্রীর গাড়ি বহর

ছবি: সংগৃহীত

haquesumaia
১২:৩২ পিএম | ০১ অক্টোবর, ২০২৬
ফেনী জেলা সফর উপলক্ষে ঢাকা থেকে যাওয়ার পথে কুমিল্লা অতিক্রম করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে আটটায় রাজধানী ঢাকা থেকে সড়কপথে তাঁর গাড়িবহর ফেনীর উদ্দেশ্যে রওনা হয়। প্রধানমন্ত্রী আসার খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন পয়েন্টে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহরটি বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার নিমসারের মহাসড়ক এলাকা অতিক্রম করার সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা হাজারো নেতাকর্মী করতালি ও স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এই সময় স্থানীয় নিমসার জুনাব আলী কলেজের শতশত শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী মহাসড়কের পাশে অবস্থান নেন। তারা কলেজটিকে জাতীয়করণের দাবিতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। প্রধানমন্ত্রীর গাড়িবহর এলাকাটি অতিক্রম করার সময় হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট নিমসারের কলেজ এলাকায় স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দীন ও বুড়িচং উপজেলা উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল নেতাকর্মীদের বহর প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

এদিকে নিমসারের জুনাব আলী কলেজ গেইটে মো. গোলাম সারোয়ারের পক্ষ থেকে বুড়িচং মোকাম ইউনিয়নের বিএনপি কর্মী ও সমর্থক প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম ফেনী সফর। দিনব্যাপী এই সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, সোলার বিদ্যুৎ প্রকল্প গ্রিডে যুক্ত করা, এবং কৃষক ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণসহ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো কুমিল্লা ও ফেনী অঞ্চলজুড়ে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

এসএন 

মন্তব্য করুন