© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এআই কনটেন্ট নিয়ে সামান্থার মামলায় বড় নির্দেশ বম্বে হাইকোর্টের

শেয়ার করুন:
এআই কনটেন্ট নিয়ে সামান্থার মামলায় বড় নির্দেশ বম্বে হাইকোর্টের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩২ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
এআই ব্যবহার করে ডিপফেক, সম্পাদিত ছবি ও আপত্তিকর কনটেন্টে নিজের নাম, ছবি, কণ্ঠস্বর ও পরিচয় ব্যবহারের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেই মামলায় অন্তর্বর্তী সুরক্ষা পেয়েছেন তিনি।

সামান্থার পরিচয় ব্যবহার করে তৈরি একাধিক অননুমোদিত কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট। বুধবার (১ অক্টোবর) মামলাটিতে অন্তর্বর্তী নির্দেশ দেন বিচারপতি মাধব জামদার।



সামান্থার করা মামলায় অভিযোগ করা হয়, তার অনুমতি ছাড়াই বিভিন্ন কনটেন্টে নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। আদালতের সামনে উপস্থাপন করা কয়েকটি সম্পাদিত ছবি, ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক কনটেন্ট প্রাথমিকভাবে পর্যালোচনা করে আদালত মনে করেছে, এগুলো সামান্থার ব্যক্তিসত্তা, প্রচার-স্বত্ব ও নৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত হতে পারে।

মামলায় সামান্থার অভিযোগ, তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এমন কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া হয়েছে, যার জন্য তিনি কোনো অনুমতি দেননি। এর মধ্যে রয়েছে সম্পাদিত ছবি, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক ভিডিও, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কণ্ঠস্বর এবং তার পরিচয় ব্যবহার করে তৈরি অন্যান্য ডিজিটাল কনটেন্ট।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম, ই-কমার্স পোর্টাল এবং বিভিন্ন ডিজিটাল মিডিয়াসংক্রান্ত প্ল্যাটফর্মেও সামান্থার নাম ও পরিচয় ব্যবহারের বিষয়টি মামলায় উঠে এসেছে।

সামান্থার পক্ষ থেকে আদালতে বলা হয়, তার পরিচয় ও ব্যক্তিত্বের বিভিন্ন দিক অনুমতি ছাড়া ব্যবহার করে এমন কনটেন্ট তৈরি করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও পেশাগত অধিকারের ওপর প্রভাব ফেলছে।

এ প্রেক্ষাপটে সামান্থার পরিচয় ব্যবহার করে তৈরি একাধিক অননুমোদিত কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট। একই সঙ্গে মামলাটিতে অভিনেত্রীর ব্যক্তিসত্তা, প্রচার-স্বত্ব ও নৈতিক অধিকারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

এসএ/টিএ

মন্তব্য করুন