স্কুলছাত্রী নীলা হত্যা: প্রধান আসামি মিজানুর সাত দিনের রিমান্ডে
ছবি সংগৃহীত
ঢাকার সাভারে দশম শ্রেণির শিক্ষার্থী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মিজানুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই নির্মল চন্দ্র ঘোষ মিজানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল জামিন আবেদনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া কর্নেল ব্রিকস ফিল্ড এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথরোধ করে বখাটে মিজানুর রহমান। পরে তার ভাইয়ের কাছ থেকে নীলাকে জোর করে ছিনিয়ে তাদের পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নীলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
আরও পড়ুন
সাভারে ছিনিয়ে নিয়ে স্কুলছাত্রীকে হত্যা: প্রধান আসামি মিজানুর গ্রেপ্তার
টাইমস/এইচইউ