বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত
১০:১৪ এএম | ০৪ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির কর্মী সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে আল মামুন নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। নিহত আল মামুন উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামের আলাল উদ্দিনের ছেলে। তিনি সহনাটি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার সহনাটি ইউনিয়নের পাছার বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার বিকেলে পার্শ্ববর্তী মাওহা ইউনিয়নে ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণ করতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভুটিয়ারকোনা যান আল-মামুন। সন্ধ্যার পর সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে সহনাটি ইউনিয়নের পাছার বাজারে গেলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ খান পাঠান সাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপির কর্মী সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় পাছার বাজারে চায়ের দোকানে বসেছিলেন মামুন। সেখানে হঠাৎ অসুস্থতাবোধ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মৃত্যু হয়েছে তার।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোফাক্কারুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এখন পর্যন্ত আল মামুনের মৃত্যুর ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এফআর/এসএন