জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির
ছবি: সংগৃহীত
১১:৩৭ এএম | ০৪ অক্টোবর, ২০২৬
জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে না পারলে দায়িত্ব তাদেরই দেওয়া হবে, যারা তা করতে পারবে।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, রাজধানীসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। স্বাস্থ্য খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত বলেও মন্তব্য করেন তিনি।
বিমানবন্দরে জামায়াতের সংসদ সদস্যদের হেনস্তার অভিযোগ তুলে তিনি বলেন, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা ‘মিথ্যা’। তার দাবি, আখতারুজ্জামান কারও গায়ে হাত তোলেননি। তাকে ঘিরে আনা অভিযোগ ‘হাজার ভাগ মিথ্যা’ বলেও মন্তব্য করেন তিনি।
আখতারুজ্জামানকে শুধু জামায়াতে ইসলামী নয়, সারাদেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবেও উল্লেখ করেন জামায়াত আমির। এ ঘটনাকে দেশবাসী ও প্রবাসীদের হালকাভাবে না নেওয়ার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন, একটি মেডিকেল প্রতিষ্ঠানে মানুষের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারলে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।
শফিকুর রহমান আরও বলেন, জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য একজনকে সংসদ সদস্য হিসেবে পদত্যাগ করানো হয়েছে। তবে তিনি দল থেকে পদত্যাগ করেননি এবং তাকে হাতকড়া পরানো হয়নি বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
আখতারুজ্জামানের হাতকড়া পরানোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘তিনি (আখতারুজ্জামান) বলেছেন, ও ডিবি ভাই, আমাকে হাতকড়া পরান। সালাহউদ্দিন সাহেবের ইচ্ছা শতভাগ পূরণ হোক।’
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের টাকা ঘাটে ঘাটে, স্থানে স্থানে চুরি করা হলে আমরা আর বসে থাকব না।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, আমরা ডেঙ্গুকে মহামারির মতো দেখছি। এ কারণেই ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি নেওয়া হয়েছে এবং এ রোগ প্রতিরোধে আমরা ভূমিকা রাখব।
সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব।’ জনগণ যে সরকারের কাছে শান্তিতে ঘুমাতে পারে না, সেই সরকারের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। দায়িত্ব পালনে সক্ষমদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথাও বলেন জামায়াত আমির।
তিনি অভিযোগ করেন, সরকার নিজেরাও কিছু করবে না, আবার তাদেরও কিছু করতে দেবে না।
কেএন/এসএন