© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে ১৯ শিক্ষার্থী হাসপাতালে

শেয়ার করুন:
পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে ১৯ শিক্ষার্থী হাসপাতালে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৬ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ খেয়ে ১৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার দুপুরে এই দুধ পানের পরপরই শিক্ষার্থীদের পেটব্যথা, খিঁচুনি ও মাথা ঘোরা শুরু হলে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিদ্যালয় সূত্র জানায়, দুপুরে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের আরডি' ব্র্যান্ডের প্যাকেটজাত দুধ বিতরণের সময় কয়েকটি প্যাকেটে ফুটো এবং দুধ দইয়ের মতো জমাট বাঁধা দেখতে পান শিক্ষকরা। বিষয়টি কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেনকে জানানো হলে তিনি নিজে দুধ খেয়ে তা ঠিক আছে বলে দাবি করেন এবং শিক্ষার্থীদের তা খেতে নির্দেশ দেন। তাঁর কথা অনুযায়ী দুধ খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই শিশু শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে ভর্তি হওয়া ১৯ শিক্ষার্থীর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন। তিনি জানান, পরীক্ষার জন্য দুধের নমুনা ঢাকায় পাঠানো হবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএন/টিএ

মন্তব্য করুন