© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৯ বছর পর টম ক্রুজের ক্যারিয়ারে ধাক্কা, মুখ থুবড়ে পড়ল ‘ডিগার’

শেয়ার করুন:
১৯ বছর পর টম ক্রুজের ক্যারিয়ারে ধাক্কা, মুখ থুবড়ে পড়ল ‘ডিগার’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
হলিউড তারকা টম ক্রুজের বক্স অফিস দাপটে এবার কিছুটা ভাটা পড়েছে। সদ্য মুক্তি পাওয়া ‘ডিগার’ প্রত্যাশিত সাড়া না পেয়ে তার ক্যারিয়ারের অন্যতম দুর্বল উদ্বোধনের নজির গড়েছে। প্রায় দুই দশক পর তার কোনো সিনেমার উদ্বোধনী আয় এতটা কম হলো।

উত্তর আমেরিকায় মুক্তির প্রথম সপ্তাহে ‘ডিগার’ আয় করেছে প্রায় ৮ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে ২০০৭ সালের পর টম ক্রুজের কোনো সিনেমার উদ্বোধনী আয় এত কম হয়নি। শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির প্রথম দিনেই সিনেমাটির আয় ছিল মাত্র ৩ দশমিক ৪ মিলিয়ন ডলার।

একই সময়ে মুক্তি পাওয়া অ্যান হ্যাথাওয়ে ও ডাকোটা জনসনের ‘ভেরিটি’ প্রথম দিনেই ১৫ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। সপ্তাহ শেষে উত্তর আমেরিকায় সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ৩৩ মিলিয়ন ডলার। অর্থাৎ ‘ডিগার’-এর তুলনায় প্রায় চার গুণ বেশি ব্যবসা করেছে এটি।



মুক্তির আগেই ‘ডিগার’ নিয়ে পাওয়া নেতিবাচক সমালোচনাকে দুর্বল ব্যবসার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বেশ কয়েকজন সমালোচক সিনেমাটিকে ব্যর্থ প্রয়াস হিসেবে উল্লেখ করেছেন। নেতিবাচক প্রতিক্রিয়ার প্রভাব দর্শকদের আগ্রহ এবং মুখে মুখে প্রচারের ওপরও পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক বাজারেও সুবিধা করতে পারেনি সিনেমাটি। বিদেশের বাজারে প্রথম দিনে ‘ডিগার’-এর আয় হয়েছে প্রায় ৪ মিলিয়ন ডলার। টম ক্রুজের অন্যতম বড় বাজার ভারতেও সিনেমাটির প্রথম দিনের নেট আয় মাত্র ৬৫ লাখ রুপি।

অথচ টম ক্রুজ অভিনীত আগের সিনেমা ‘মিশন: ইম্পসিবল- দ্য ফাইনাল রেকনিং’ ভারতে মুক্তির প্রথম দিনেই প্রায় ১৯ কোটি রুপি আয় করেছিল। সেই তুলনায় ‘ডিগার’-এর শুরুটা বেশ হতাশাজনক।

প্রায় ১২৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত ‘ডিগার’-কে লাভের মুখ দেখতে হলে প্রায় ৩০০ মিলিয়ন ডলার আয় করতে হবে বলে জানিয়েছে ওয়ার্নার ব্রাদার্স। বর্তমান ব্যবসার চিত্র বিবেচনায় সেই লক্ষ্যে পৌঁছানো সিনেমাটির জন্য বেশ কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।

টম ক্রুজের দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক সফল সিনেমা থাকলেও ‘ডিগার’-এর শুরুটা তাই বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। এখন দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি দর্শক টানতে পারে কি না, সেটিই হয়ে উঠেছে বড় প্রশ্ন।

এসএ/টিএ

মন্তব্য করুন