© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাপিয়ার বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ১২ অক্টোবর

শেয়ার করুন:
পাপিয়ার বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ১২ অক্টোবর
own-reporter
০১:২৪ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০২০

বিতর্কিত ও বহুল আলোচিত নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ১২ অক্টোবর ঘোষণা করা হবে। একই মামলায় পাপিয়ার স্বামী মফিজুর রহমানও আসামি।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রায় ঘোষণার এ দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে আমরা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। রায়ে আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি দিবেন বলে আশা করছি।

এদিকে আসামি পক্ষের আইনজীবীরা গণমাধ্যমকে বলেন, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সুনির্দিষ্টভাবে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। কাজেই আসামিরা খালাস পাবে।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শামীমা নূর পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। অন্য আসামিরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)।

ওই সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মদ্রা জব্দ করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী নরসিংদীর একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্র, স্বর্ণালংকার ও বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন