রবীন্দ্রসংগীত শিল্পী বিভা সেনগুপ্ত আর নেই
ছবি: সংগৃহীত
০৩:১৮ পিএম | ০৬ অক্টোবর, ২০২৬
ভারতের বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা সেনগুপ্ত আর নেই। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিভা সেনগুপ্ত। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংগীতশিল্পী শ্রাবণী সেন।
তিনি বলেন, “উনি এমনিতে সুস্থ-সবলই ছিলেন। মাঝেমাঝে শুনতাম রক্ত দিতে হয়। সম্ভবত হিমোগ্লোবিন কম ছিল।” মৃত্যুর মাত্র কয়েক দিন আগেও বিভা সেনগুপ্তকে তার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানিয়েছিল ‘লোকভারতী’ নামের একটি সংগঠন।
সেই স্মৃতি তুলে ধরে শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী অলক রায়চৌধুরী। তিনি বলেন, “সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ বিভাদিকে ‘লোকভারতী’ সংস্থার পক্ষ থেকে ওনার বাড়িতে গিয়েই সংবর্ধনা জানাই। সে দিন ওনাকে খুব স্বতঃস্ফূর্ত দেখেছিলাম। কত গল্প হলো।”
রবীন্দ্রসংগীতের সঙ্গে দীর্ঘ সময়ের পথচলা বিভা সেনগুপ্তের। তবে বরাবরই ছিলেন অনেকটা নিভৃতচারী। জীবনের শেষ দশ-বারো বছরে এসে কিছুটা প্রচারের আলোয় আসেন তিনি। এ প্রসঙ্গে অলক রায়চৌধুরী বলেন, “শেষ দশ-বারো বছরে অনেকখানি প্রচার পেলেন বিভাদি। মানুষ তাকে চিনল বেশি করে। কিন্তু এ সব নিয়ে ওনার মাথাব্যথা ছিল না। যত্ন নিয়ে শেখাতেন, ছাত্রছাত্রী তৈরি করতেন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গুরু দেবব্রত বিশ্বাসের জন্মদিন পালন করতেন।”
জন্মসূত্রে ত্রিপুরার বাসিন্দা ছিলেন বিভা সেনগুপ্ত। ১৯৫৯ সালে কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। সংগীতের জগতে তার হাতেখড়ি হয় মায়া সেনের কাছে। পরবর্তী সময়ে একটি সংগীত শিক্ষাকেন্দ্রে গান শেখানোর সঙ্গেও যুক্ত ছিলেন এই শিল্পী।
দীর্ঘ সংগীতজীবনে রবীন্দ্রসংগীত চর্চা ও শিক্ষাদানের মধ্য দিয়ে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন বিভা সেনগুপ্ত। তার প্রয়াণে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
এসএ/টিএ