রাশিয়ার ড্রোন থেকে রক্ষায় জাল দিয়ে ব্রিজ ঢাকছে ইউক্রেন
ছবি: সংগৃহীত
০৯:২৯ পিএম | ০৬ অক্টোবর, ২০২৬
রাশিয়ার ড্রোন হামলা থেকে প্রধান ব্রিজগুলো রক্ষায় জাল দিয়ে ব্রিজ ঢেকে দেওয়া শুরু করেছে ইউক্রেন। বার্তাসংস্থা এএফপি মঙ্গলবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, দানিপার নদীর ওপর অবস্থিত প্রধান ব্রিজগুলো ঢাকা হচ্ছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানী কিয়েভের সঙ্গে অন্যান্য অঞ্চলকে যুক্ত করা প্রধান আটটি ব্রিজের মধ্যে দুটিতে ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। এসব হামলায় যে ড্রোনগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো বিমানের ইঞ্জিন দিয়ে তৈরি। ফলে এগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকাতে পারে না ইউক্রেনীয় বাহিনী।
এএফপি বলেছে, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার বিশেষ সামরিক অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো দানিপার নদীর ব্রিজে জাল লাগানো শুরু হয়েছে। এখন পর্যন্ত একটি ব্রিজে এ জাল লাগানো হয়েছে।
এসব জাল ‘ড্রোন প্রটেকশন নেট’ হিসেবে পরিচিত। ইউক্রেনের অন্যান্য অঞ্চলে ফ্রন্ট লাইনে জালগুলো ব্যবহার করা হচ্ছে। এগুলো দিয়ে মূলত গুরুত্বপূর্ণ অবকাঠামোকে রক্ষা করা হয়।
ড্রোনগুলো যেহেতু সরাসরি এসে আছড়ে পড়ে, তাই জাল লাগানো থাকলে এগুলো আর সরাসরি হিট করতে পারে না। এরফলে ওই অবকাঠামো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরুর পর ড্রোনের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। মিসাইল বা কামানের গোলার চেয়ে এগুলোর দাম অনেক কম হওয়ায় একে-অপরকে ঘায়েল করতে ড্রোন হামলা চালায়।
এরমধ্যে সম্প্রতি এসব ড্রোনে বিমানের বা জেট ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। ফলে এগুলো বিমানের গতিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে। এতে করে এগুলো আর আটকানো যায় না।
সূত্র: এএফপি
এমআর/টিএ