৩৫ বছর ধরে তিউনিসিয়ার মরুভূমিতে পড়ে থাকা সাদ্দামের ভিআইপি বিমান বিক্রি করতে চায় ইরাক
ছবি: সংগৃহীত
১০:৪৫ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬
তিউনিসিয়ার দক্ষিণে তোজার-নেফতা আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৫ বছর ধরে পড়ে থাকা দুটি বোয়িং ৭৪৭ আবার বিক্রির জন্য তুলেছে ইরাক।ইরাকি এয়ারওয়েজের উড়োজাহাজ দুটির প্রতিটির দাম ধরা হয়েছে ৯ লাখ ডলার, সব মিলিয়ে ১৮ লাখ ডলার। এর একটি সাদ্দাম হুসেইনের সরকার ভিআইপি উড়োজাহাজ হিসেবে ব্যবহার করত বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
১৯৯০ সালের আগস্টে কুয়েত আক্রমণের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলার আশঙ্কায় বেশ কয়েকটি উড়োজাহাজ নিরাপদে রাখতে বিদেশে পাঠায় ইরাক। এর মধ্যে তিউনিসিয়ায় যাওয়া এই দুটি আর দেশে ফেরেনি। একটি বোয়িং ৭৪৭-২০০, অন্যটি বিরল মডেলের বোয়িং ৭৪৭এসপি। দুটিই ১৯৮২ সালে তৈরি। দীর্ঘ পাল্লার উড্ডয়নের জন্য তৈরি ৭৪৭এসপি মডেলের উড়োজাহাজটি ১৯৯১ সালের ১ জানুয়ারি তোজার-নেফতায় অবতরণ করে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এর ভেতরে ছিল ব্যক্তিগত শয়নকক্ষ, বৈঠকের কক্ষ ও শোয়ার উপযোগী আসনসহ একটি লাউঞ্জ।
২০১০ সাল থেকে উড়োজাহাজ দুটি বিক্রির জন্য কয়েক দফা চেষ্টা করেছে বাগদাদ। ২০২৩ সালে প্রতিটির জন্য ৪ লাখ ৯৪ হাজার ডলার চেয়েছিল ইরাকি এয়ারওয়েজ। সেবার বিক্রি হয়নি। এবারের মূল্যায়ন আগের চেয়ে প্রায় ৮২ শতাংশ বেশি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর বিক্রির অনুমোদন দেয়।
ইরাকের পরিবহন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, দরপত্রে অংশ নিতে প্রতিটি উড়োজাহাজের জন্য ১ লাখ ৮০ হাজার ডলারের আর্থিক নিশ্চয়তা দিতে হবে। উড়োজাহাজ দুটি বর্তমান অবস্থাতেই বিক্রি হবে। এগুলোর কারিগরি অবস্থা নিয়ে কোনো নিশ্চয়তা দেবে না ইরাকি এয়ারওয়েজ।
ক্রেতাকে বিক্রয়মূল্যের ২ শতাংশ সেবামাশুল ও বিজ্ঞাপনের খরচ দিতে হবে। মালিকানা হস্তান্তর, শুল্ক ছাড় ও পরিবহনের দায়িত্বও ক্রেতার। হস্তান্তরের পর বিমানবন্দরের পার্কিং খরচও তাকেই বহন করতে হবে।
সূত্র: গালফ নিউজ
এমআর/