গণঅধিকার পরিষদের নেতা জসিম উদ্দিনের পদ স্থগিত
ছবি: সংগৃহীত
১০:৩২ পিএম | ০৬ অক্টোবর, ২০২৬
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এবং দলের কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. আ. জসিম উদ্দিনের পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ ওঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশক্রমে তার সদস্য পদ স্থগিত করা হয়েছে।নোটিশে আরও বলা হয়, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে বা জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে পরবর্তী ব্যবস্থা নেয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৬ সালের নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জয়ী হন হাসনাত আবদুল্লাহ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনি ঐক্যের সমর্থনে এনসিপির দলীয় প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করেন তিনি। হাসনাত আবদুল্লাহ ভোট পান ১ লাখ ৬৬ হাজার ৫৮৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন। তিনি ট্রাক প্রতীকে ৪৯ হাজার ৮৮৫ ভোট পান।
আরআই/টিএ