মাঝআকাশে বজ্রপাতের কবলে ভারতীয় বিমান, লখনউতে জরুরি অবতরণ
ছবি: সংগৃহীত
০৭:৩২ এএম | ০৮ অক্টোবর, ২০২৬
ভারতের পাটনা থেকে উত্তর প্রদেশের লখনউগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে মাঝআকাশে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে বিমানটির সামনের অংশ (নোজ) ক্ষতিগ্রস্ত হলে বুধবার (৭ অক্টোবর) লখনউ বিমানবন্দরে সেটির জরুরি অবতরণ করানো হয়।
বিমানটিতে ১০৪ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। বড় ধরনের ঝুঁকি তৈরি হলেও নির্ধারিত সময়ের আট মিনিট আগেই বিমানটি নিরাপদে অবতরণ করে এবং আরোহীদের সবাই অক্ষত রয়েছেন।
জানা গেছে, ভূপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উচুতে ওড়ার সময় বিমানটিতে বজ্রপাত আঘাত হানে। দুর্ঘটনার পর উড়োজাহাজটিকে সাময়িকভাবে গ্রাউন্ডেড (উড্ডয়ন স্থগিত) রাখা হয়েছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। সংস্থাটির চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরই বিমানটি ফের চলাচলের অনুমতি পাবে।
সূত্র: এনডিটিভি
এফআর/এসএন