© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্রান্সের পর এবার শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক শতাধিক

শেয়ার করুন:
ফ্রান্সের পর এবার শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক শতাধিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৭ এএম | ০৮ অক্টোবর, ২০২৬
প্রতিবেশী দেশ ফ্রান্সের আন্দোলনের রেশ ধরে শিক্ষার ক্রমবর্ধমান ব্যয়, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ এবং শিক্ষা উপকরণের সংকটের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বেলজিয়াম। দেশটির ফরাসিভাষী অঞ্চলের লিয়েজসহ বিভিন্ন শহরে রাস্তায় নেমে টানা বিক্ষোভ করছেন শত শত শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে লিয়েজ শহরে অক্টোবর মাসের শুরু থেকে এ পর্যন্ত ১০৭ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় বার্তা সংস্থা বেলগার তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে লিয়েজে চলা এই বিক্ষোভে মোট ১০৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৮০টি প্রশাসনিক এবং ২৭টি বিচারিক গ্রেপ্তার। বিক্ষোভের সময় কিছু জায়গায় সম্পত্তির ক্ষতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় পুলিশ কড়াকড়ি অবস্থান নেয়। ব্রাসেলস ও মন্স শহরেও শিক্ষার্থীরা বিক্ষোভ ও মিছিল করেছেন। এছাড়া ব্রাসেলসের সেন্ট-জিলস এলাকার এক শিক্ষক স্কুল-মধ্যাহ্নভোজের বাজেট ছাঁটাইয়ের প্রতিবাদে তিন দিনের অনশন শুরু করেছেন।

শিক্ষার্থীরা বলছেন, ফ্রান্সের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রেখেই তারা রাজপথে নেমেছেন। তাদের ভাষ্যমতে, তারা প্রায় একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং ফ্রান্সের আন্দোলন তাদের আন্দোলনকে আরও বেগবান করেছে। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন; যার মধ্যে একটিতে লেখা ছিল—‘সবকিছু এলোমেলো। আমরা একটি অধিকারের জন্য লড়ছি, কোনো বিশেষ সুবিধার জন্য নয়’। আরেকটিতে লেখা ছিল, ‘আমি শিক্ষা বেছে নিয়েছি, হাঙ্গার গেমস নয়’।

এর আগে গত জুনেও বেলজিয়ামে শিক্ষা সংস্কার ও টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী ব্রাসেলসে তীব্র বিক্ষোভ হয়েছিল। শিক্ষার্থীরা তখন টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছিল। দেশটির ফরাসিভাষী সম্প্রদায়ের বেশিরভাগ শিক্ষার্থীর টিউশন ফি ৮৩৫ ইউরো থেকে বাড়িয়ে ১ হাজার ১৯৪ ইউরো (১ হাজার ২৮০ ডলার) করার সিদ্ধান্ত হয়েছিল।

নতুন করে শুরু হওয়া এই আন্দোলন ঘিরে লিয়েজের মেয়র উইলি ডেমেয়ার বেলজিয়ামের সম্প্রচারমাধ্যম আরটিবিএফকে জানান, পরিস্থিতি শান্ত হবে এবং আলোচনার পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন। মেয়র আরও আশা করেন, তরুণেরা শান্তিপূর্ণভাবে তাদের অভিযোগ ও অসন্তোষের কথা তুলে ধরতে পারবেন। তাদের উদ্বেগের কথা শোনা হবে। তবে বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমনে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।

সূত্র- আনাদোলু এজেন্সি

এফআর/এসএন

মন্তব্য করুন