‘আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি’, মেসির বিদায়ী ম্যাচে বেনিন কোচের ক্ষোভ
ছবি: সংগৃহীত
০১:০৮ পিএম | ০৮ অক্টোবর, ২০২৬
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে প্রতিপক্ষ ছিল বেনিন। তবে ম্যাচশেষে আর্জেন্টিনার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেনিনের কোচ জেরনো রোর।
ম্যাচশেষে লিওনেল মেসির সঙ্গে ছবি তোলা কিংবা জার্সি বদল করতে পারেননি বেনিনের খেলোয়াড়েরা। এমনকি আর্জেন্টিনার ড্রেসিংরুমের কাছেও যেতে দেওয়া হয়নি তাদের। এমন অভিযোগ করেছেন তাদের কোচ জেরনো রোর।
ফরাসি রেডিও আরএমসির এক অনুষ্ঠানে নিজের হতাশার কথা জানান রোর। তিনি বলেন, ‘হ্যাঁ, এটা অত্যন্ত কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি। সবচেয়ে দুঃখের বিষয় হলো, আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি। মেসির সঙ্গে কোনও ছবি নয়, কোনও জার্সিও নয়। এমনকি আমাদের টানেলে বা ড্রেসিংরুমেও ঢুকতে দেওয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘নিরাপত্তাকর্মীরা কাউকেই ঢুকতে দেয়নি। কয়েকজন খেলোয়াড় জার্সি বদল করতে গিয়েছিল। আমরা বুঝতে পেরেছিলাম কাজটা কঠিন হবে। আমরা সবকিছু চেষ্টা করেছি, কিন্তু কিছুই পাইনি।’
বেনিনের পক্ষ থেকেও মেসির জন্য উপহার দেওয়ার চেষ্টা ছিল। দেশটির জাতীয় পতাকার রংয়ের আদলে সাজানো লাল, হলুদ ও সবুজ রঙের ফুলের তোড়া নিয়ে গিয়েছিল তারা। কিন্তু সেটিও মেসির কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি বলে জানান রোর।
তবে শেষ পর্যন্ত মেসির একটি স্মৃতি ঠিকই সঙ্গে করে ফিরেছেন বেনিন কোচ। ২০১৮ সালের মেসির একটি জার্সি তিনি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির হাতে দেন। স্কালোনি সেটিতে স্বাক্ষর করিয়ে পরে জার্সিটি রোরকে ফিরিয়ে দেন।
রোর বলেন, ‘আমি মেসির ২০১৮ সালের একটি জার্সি স্কালোনিকে দিয়েছিলাম। তিনি মেসির কাছ থেকে সেটিতে স্বাক্ষর করিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছেন। এটাই শুধু পেয়েছি।’
এফআর/এসএন