প্রতারক সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ
করোনার ভুয়া রিপোর্টের অভিযোগে গ্রেপ্তার সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলার রায় সোমবার দুুপুরে ঘোষণা করা হবে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করবেন। রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলা ছাড়াও প্রতারণা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু গণমাধ্যমকে বলেন, সাহেদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার রায় আজ সোমবার দুপুর ২টায় ঘোষণা করবেন আদালত। আমরা সাক্ষ্য-প্রমাণে সাহেদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এ মামলায় সাহেদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ড হবে বলে আশা করছি।
এর আগে করোনা রিপোর্ট জালিয়াতির মামলায় সাতক্ষীরা থেকে অস্ত্রসহ আটক হন সাহেদ। পরে র্যাবে কাছে সাহেদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করে র্যাব। পরে ওই ঘটনায় সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়।
জানা গেছে, প্রতারক সাহেদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় মামলা করা হয়েছে। পরে একই ধারায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
আইনের ১৯ (এ) ধারায় বলা হয়েছে, বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র কাছে রেখে কেউ যদি কোনো অপরাধ সংঘটন করে, অপরাধ যদি পিস্তল, রিভলবার, রাইফেল, শর্টগান বা অন্য আগ্নেয়াস্ত্র সম্পর্কিত হয় তাহলে তার যাবজ্জীবন কারাদন্ড বা অন্য কোনো কঠোর কারাদন্ড হবে, যার মেয়াদ ১০ বছরের কম নয়।
টাইমস/এসএন