© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শান্তিতে নোবেল আমার পাওয়া উচিত: ট্রাম্প

শেয়ার করুন:
শান্তিতে নোবেল আমার পাওয়া উচিত: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৪ পিএম | ০৮ অক্টোবর, ২০২৬
‘শান্তিতে নোবেল পাওয়ার উপযুক্ত সময় এখনই’- এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, বিশ্বজুড়ে একাধিক সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে শান্তিতে নোবেল পুরস্কার তারই পাওয়া উচিত। তবে পুরস্কারটি শেষ পর্যন্ত তার হাতে উঠবে কি না, তা নিয়ে সংশয়ও আছে ট্রাম্পের। কারণ, নরওয়েজিয়ান নোবেল কমিটির ‘ঐতিহ্য’ নাকি তার মতো মানুষকে পুরস্কার না দেওয়ার।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত বুধবার (৭ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি জানি না নরওয়েজিয়ান নোবেল কমিটি কী সিদ্ধান্ত নেবে। আমার মতো মানুষদের হয়তো এই পুরস্কার না দেওয়ার একটি সুনাম বা ঐতিহ্য তাদের রয়েছে।’

হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার পর থেকেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি করে আসছেন ট্রাম্প। এদিনও তিনি বলেন, ‘এখনই নোবেল পাওয়ার উপযুক্ত সময়।’ গতবার পরোক্ষভাবে এই পুরস্কার পাওয়ায় তিনি সম্মানিত বোধ করেছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে ২০২৫ সালে শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল মেডেলটি ট্রাম্পের হাতে তুলে দিয়েছিলেন। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় মেডেলটি দেন তিনি। এ ঘটনাকে নিজের নোবেল পাওয়ার যোগ্যতার একটি উদাহরণ হিসেবেও তুলে ধরেছেন ট্রাম্প।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অন্তত আটটি আন্তর্জাতিক সংঘাত নিরসনে হস্তক্ষেপ করেছেন বলে দাবি করেছেন ট্রাম্প। এই ভূমিকার কারণেই নোবেল পাওয়ার যোগ্য বলে মনে করেন তিনি।

এমআর/টিএ  

মন্তব্য করুন