© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমার মতো মানুষদের শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় না, আফসোস ট্রাম্পের

শেয়ার করুন:
আমার মতো মানুষদের শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় না, আফসোস ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৫ এএম | ০৯ অক্টোবর, ২০২৬
শান্তিতে নোবেল পুরস্কার তার প্রাপ্য হলেও শেষ পর্যন্ত এই সম্মাননা পাবেন কি না, তা নিয়ে প্রকাশ্যে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সামরিক সংঘাত জড়ানো এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে এখনো দৃশ্যমান কোনো সমাধান টানতে না পারলেও বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত মেটাতে ভূমিকা রাখার যুক্তিতে তিনি নিজেকে এই পুরস্কারের যোগ্য দাবিদার বলে দাবি করেন।

শুক্রবার (৯ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২৬ সালের শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করার কথা রয়েছে। তার প্রাক্কালে বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে নিজের অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, 'তাদের সিদ্ধান্ত কী হবে আমি জানি না। তবে আমার মতো মানুষদের এই পুরস্কার না দেয়ার একটি সুনাম বা বদনাম তাদের রয়েছে।' হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকেই ট্রাম্প একাধিকবার জোর দিয়ে বলেছেন, শান্তিতে নোবেল পাওয়ার মতো যথেষ্ট কাজ তিনি করেছেন। নিজের দাবির পক্ষে যুক্তি টেনে তিনি বলেন, 'এখনই এর সঠিক সময়।

তবে গতবার যিনি এটি পেয়েছিলেন, তার কাছ থেকে পরোক্ষভাবে সম্মান পেয়ে আমি গর্বিত ছিলাম; তিনি বলেছিলেন- ইতিহাসের আর কেউই প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এটি বেশি পাওয়ার যোগ্য নন।' উল্লেখ্য, ভেনেজুয়েলায় মার্কিন সমর্থন আদায়ে গত জানুয়ারিতে নিজের ২০২৫ সালের শান্তিতে নোবেল পদকটি ট্রাম্পের হাতে তুলে দিয়েছিলেন দেশটির বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

গত বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত বিশ্বের আটটি সংঘাত মেটাতে সরাসরি সম্পৃক্ত হওয়ার দাবি তুলে ট্রাম্প জানান, এই অবদানের জন্য পুরস্কারটি তার পাওয়া উচিত। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের শীর্ষ নেতারা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার কথা বললেও স্বাধীনভাবে তা যাচাই করা সম্ভব হয়নি। তবে যেসব সংঘাত নিষ্পত্তির দাবি ট্রাম্প করছেন, সেগুলোর সংশ্লিষ্ট পক্ষগুলো মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক ভূমিকাকে পুরোপুরি মানতে নারাজ। উপরন্তু কঙ্গো প্রজাতন্ত্র কিংবা কম্বোডিয়া ও থাইল্যান্ড সীমান্তে পুনরায় উত্তেজনা ও সংঘাত মাথাচাড়া দিয়ে উঠেছে।

আরআই/টিএ

মন্তব্য করুন