© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্ত্র মামলায় রিজেন্টের সাহেদের যাবজ্জীবন

শেয়ার করুন:
অস্ত্র মামলায় রিজেন্টের সাহেদের যাবজ্জীবন

ফাইল ছবি

own-reporter
০২:১৭ পিএম | ২৮ সেপ্টেম্বর, ২০২০

অস্ত্র আইনে করা মামলায় রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সাহেদকে কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়।

আরও পড়ুন প্রতারক সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ

গত ২০ সেপ্টেম্বর ঢাকার এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য সোমবার তারিখ ঠিক করেন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে ১৪ জন সাক্ষীর মধ্যে ১১জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত। এরপর আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন সাহেদ।

উত্তরা পশ্চিম থানায় দায়ের করা অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে গত ৩০ জুলাই ঢাকার আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

আরও পড়ুন সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ২৮ সেপ্টেম্বর

গত ১৯ আগস্ট অভিযোগপত্র আমলে নেন আদালত। ২৭ আগস্ট এই মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত। হাসপাতাল থেকে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের নামে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। মামলার নয় দিনের মাথায় ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন ১৬ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের অনুমতি নিয়ে ডিবি সাহেদকে নিয়ে ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে। সাহেদের বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে ৫০টির বেশি মামলা রয়েছে। মামলাগুলো বেশির ভাগ প্রতারণার। এ ছাড়া সাহেদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলাও হয়েছে।

আরও পড়ুন অস্ত্র মামলায় সাহেদের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন