বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ এর একি হাল চুলের!
ছবি: সংগৃহীত
০৯:৩২ পিএম | ০৯ অক্টোবর, ২০২৬
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। অভিনয় দিয়ে দর্শকের মন জয় করা এই তারকা ব্যক্তিজীবন ও নতুন লুকের কারণেও প্রায়ই আলোচনায় আসেন। এবার ধূসর চুলে অনুষ্ঠানে হাজির হয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। তবে চুলের এই পরিবর্তন নিয়ে লুকোচুরি করেননি আমির। বরং নিজেই জানিয়েছেন, কেন চুলে কলপ দেওয়া বন্ধ করেছেন।
সম্প্রতি পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে একটি প্যানেল আলোচনায় অংশ নেন আমির খান। সেখানে তার পাকা চুল দেখে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কৌতূহল তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে অভিনেতার নতুন লুকের ছবি। অনেকের প্রশ্ন, এটি কি কোনো নতুন সিনেমার চরিত্রের প্রস্তুতি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ?
আমির নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। জানিয়েছেন, নতুন কোনো সিনেমার চরিত্রের জন্য নয়, বরং একঘেয়েমি থেকে মুক্তি পেতেই চুলে কলপ দেওয়া বন্ধ করেছেন তিনি।

নিজের চুলে হাত বুলিয়ে আমির বলেন, “এই লুকের বিশেষ কোনো কারণ নেই। আমি শুধু চুলে কলপ দেওয়া বন্ধ করে দিয়েছি। খুব একঘেয়ে লাগছিল।”
আলোচনায় আমিরের নতুন চেহারা নিয়ে মজা করেন পরিচালক সুভাষ ঘাইও। তার ধারণা, অভিনেতার এই লুক হয়তো ভবিষ্যতের কোনো সিনেমার জন্য হতে পারে। রসিকতা করে তিনি বলেন, আমিরকে যখনই অন্যরকম সাজে দেখা যাবে, তখনই বুঝে নিতে হবে যে তিনি কোনো একটি চরিত্র নিয়ে কাজ করছেন।
তবে এবার আমিরের পাকা চুলের পেছনে সিনেমার কোনো চরিত্র নেই। বয়সের সঙ্গে স্বাভাবিকভাবে চুলের রং বদলানোকে মেনে নিয়েছেন তিনি। ৬১ বছর বয়সী এই অভিনেতার এমন সিদ্ধান্তকে স্বাভাবিকভাবেই দেখছেন অনেকে। কারণ, পর্দার চরিত্রের প্রয়োজনে চেহারা ও শারীরিক গঠনে নানা পরিবর্তন আনলেও ব্যক্তিজীবনে নিজের পছন্দকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত আমির খান চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে গড়ার জন্য বিশেষভাবে প্রশংসিত। এবার চুলে কলপ দেওয়া বন্ধ করার কারণ জানিয়ে আলোচনায় এলেন তিনি। নতুন কোনো সিনেমার রহস্য নয়, একঘেয়েমি কাটাতেই বদলে ফেলেছেন নিজের চেনা লুক।
এসএ/টিএ