© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়াল : আসছে করোনার ভয়াবহতা

শেয়ার করুন:
মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়াল : আসছে করোনার ভয়াবহতা

ফাইল ছবি

international-desk
১১:১০ এএম | ২৯ সেপ্টেম্বর, ২০২০

বিশ্বের বিভিন্ন দেশে আবারও করোনার নতুন সংক্রমণ শুরু হয়েছে। দ্বিতীয় সংক্রমণের এ পর্যায়ে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় সর্বমোট ১০ লাখের বেশি মানুষের প্রাণহানী ঘটেছে। এদিকে সামনের দিনে বিশ্বে করোনাভাইরাস আরও ভয়াবহ আকারে আসতে পারে বলে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ বিষয়ক সর্বশেষ তথ্য মতে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত বৈশ্বিক করোনা মহামারীতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০ লাখ ৮২৫ জনে।

তবে আশ্চর্যের বিষয়, বিশ্বে সর্বমোট মৃত্যুর অর্ধেকই ঘটেছে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে। এ তিন দেশে মৃত্যুহার কমলেও এখনো করোনার সংক্রমণ কমেনি। প্রতিদিন হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা।

এ পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রেরই করোনায় ২ লাখ ৫ হাজার ৬২ জনের মৃত্যু হয়েছে। মৃতের হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া মৃতের হিসেবে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত ৯৫ হাজার ৫৪২ জনের প্রাণহানী ঘটেছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, করোনায় প্রকৃত মৃত ও আক্রান্তের সংখ্যা যাচাই করা সম্ভব নয়। সব দেশই একটি আনুমানিক ধারণা প্রকাশ করছে। যার থেকে হয়তো প্রকৃত চিত্র আরও ভয়াবহ।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ বারবার করোনার দ্বিতীয় সংক্রমণ বিষয়ে বিশ্ববাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার দ্বিতীয় সংক্রমণ আরও ভয়াবহ ও দীর্ঘস্থায়ী হতে পারে। করোনার আসন্ন বিপর্যয় থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব নীতি মানার বিকল্প নেই। স্বাস্থ্যবিধি ও সামাজিক-শারীরিক দুরত্ব নিশ্চিত করতে প্রয়োজনে দেশগুলোকে কঠোর নিয়ম কার্যকরের আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন