পুলিশি হেনস্তার অভিযোগ এনে সরব আমিরের ভাইঝি
ছবি: সংগৃহীত
০২:১০ পিএম | ১২ অক্টোবর, ২০২৬
কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত এক বিক্ষোভে যোগ দিতে গিয়ে নাটকীয় পরিস্থিতির মুখে পড়েন বলিউড তারকারা।
গত শনিবার সিজেপি-র আয়োজিত এই প্রতিবাদের সময় বলিপাড়ার খ্যাতনামা তারকা আমির খানের ভাইঝি জায়ন মারি, ভাগ্নে ও অভিনেতা ইমরান খান এবং লেখা ওয়াশিংটনকে সাময়িকভাবে আটক করেছিল মুম্বাই পুলিশ। পরে ওই দিন রাতে তাদের ছেড়ে দেওয়া হলেও, পুরো ঘটনাটি ঘিরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে নেটপাড়ায়।
আটক পর্ব কেটে যাওয়ার পর রবিবার (১১ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন জায়ন মারি। সেখানে নিজের হাত, আঙুল এবং পায়ে হওয়া আঘাতের একাধিক চিহ্ন অনুগামীদের দেখান তিনি। পুলিশি পদক্ষেপের দিকে আঙুল তুলে বেশ কড়া সুরেই জায়ন বলেন, ‘আমাদের এতটাও ভয় দেখাবেন না যাতে মন থেকে প্রথমত ভয় শব্দটাই চিরতরে মুছে যায়!’ আর ক্যাপশনে লিখেছেন ‘ইন্টারনেটে সত্যিটা প্রকাশ পাচ্ছে।’
এর আগে শনিবার পুলিশ ভ্যানে বন্দি থাকা অবস্থায় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জায়ন, যার ক্যাপশন ছিল ‘ইনকিলাব জিন্দাবাদ’। অন্যদিকে লেখা ওয়াশিংটন এক ভিডিওতে আক্ষেপ করে জানান, পুলিশ তাদের গাড়ি বা কোনো যানবাহনে উঠতে দিচ্ছে না এবং তারা রাস্তায় হেঁটে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন।
তবে এই থমথমে পরিস্থিতির মাঝেও পুলিশ ভ্যানের ভেতর খানিক রসিকতায় মেতে ওঠেন তারকারা। জায়ন যখন হালকা চালে ইমরান খানকে জিজ্ঞেস করেন তিনি জীবনে কখনো জেলে গিয়েছেন কি না, তখন হেসে ইমরান জবাব দেন, ‘যা পরিস্থিতি, তাতে এখন জেলে যাওয়ারও একটা সুযোগ তৈরি হচ্ছে!
এসএন