মাস্ক কেলেঙ্কারি: পাঁচ দিনের রিমান্ডে জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাক
নকল এন ৯৫ মাস্ক ও নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম কেনার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার জেএমআই’র চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার আব্দুর রাজ্জাককে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নুরুল হুদা। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে।
কেন্দ্রীয় ঔষাধাগারের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ২০ হাজার নকল এন-৯৫ মাস্ক আসল দেখিয়ে ১০টি হাসপাতালে সরবরাহ করার অভিযোগে আব্দুর রাজ্জাকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপ-পরিচালক মো. নূরুল হুদা বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অন্য আসামিরা হলেন- কেন্দ্রীয় ঔষাধাগারের উপ-পরিচালক ডা. জাকির হোসেন, সহকারী পরিচালক (স্টোরেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন) ডা. শাহজাহান সরকার, চিফ কো-অর্ডিনেটর ও ডেস্ক অফিসার জিয়াউল হক, ডেস্ক অফিসার (বর্তমানে মেডিক্যাল অফিসার, জামালপুর) সাব্বির আহমেদ, স্টোর অফিসার (পিআরএল ভোগরত) কবির আহমেদ, সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকির।
আরও পড়ুন
মাস্ক কেলেঙ্কারি: জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেপ্তার
টাইমস/এইচইউ