হত্যা মামলায় জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান সাবেক মেয়র আইভীর
ছবি: সংগৃহীত
০৫:২৬ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬
আদালতে শুনানি শেষে প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী। পরে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সশরীরে আদালতে হাজির হন আইভী। মামলাটির শুনানি করেন নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা এ মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর আসামি করা হয়েছে। এ মামলায় ১১ নম্বর আসামি আইভী।
এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান। মামলাটিতে এজাহারনামীয় মোট আসামি ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
আদালতে শুনানি শেষে প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় 'জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না' এবং 'জয় বাংলা' স্লোগান দেন আইভী। পরে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনরায় জামিনের দিন ধার্য ছিল।
তিনি বলেন, 'আমরা আদালতে যথারীতি জামিন আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেছেন।'
আরআই/টিএ