© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী

শেয়ার করুন:
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৬ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬
সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ তৈরির কাজের মানের অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। মানহীন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, তা না হলে কাজ বন্ধ রাখতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কারখানার ক্যারেজ শপে কোচ তৈরির কার্যক্রমে অসংগতি দেখে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় তিনি ব্যাপক ক্ষুব্ধ হয়ে কর্মকর্তাদের শাসিয়ে বলেন, আপনারা কাজের তদারকি করেন না, কাজ বুঝেও নেন না। এমনকি ভালো কাজও দেখেন না। নিজেরাও বোঝেন না বলেই এমন অবহেলা। দক্ষ জনশক্তি দিয়ে মান নিশ্চিত করে কাজ করতে পারলে করেন নয়তো সব কাজ বন্ধ রাখেন।

এর আগে তিনি ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছানো। এসময় তার সঙ্গে ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ও রেলওয়ের ডিজি আফজাল হোসেন, এডিজি মহিউদ্দিন, জিএম আহমেদ মাসুম।

এরপর মন্ত্রী সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ ও কর্ম ব্যবস্থাপক (ডাব্লু এম) মমতাজুল ইসলাম।

এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সেক্রেটারি শাহীন আকতার শাহীনসহ অন্যান্য নেতা, রেলওয়ে শ্রমিক সংগঠনগুলোর নেতা ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ও তার সফরসঙ্গীরা ক্যারেজ শপ, ওয়াগন শপ, মেশিন টুল সপ, সিএন্ডএইচ সপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ক্যারেজ শপে রেলওয়ে কোচ তৈরির ক্ষেত্রে জানালার ফিনিশিং ও ব্যবহৃত উপকরণের মান নিয়ে সংক্ষুব্ধ হন। তিনি বলেন, এইসবের মান আরও বৃদ্ধি করতে হবে এবং এগুলো চলবে না। এর চেয়ে বাসাবাড়ির কাজও অনেক ভালো। আপনাদের চোখ নাই, আর থাকলেও তদারকির অভাব। একারণেই এমন হচ্ছে। এভাবে আর চলতে দেওয়া হবে না।

পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে ডিএস কার্যালয়ের কনফারেন্স রুমে কর্মকর্তা ও শ্রমিক নেতাদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় করেন এবং সর্বশেষে প্রধান ফটকের সামনে সংবাদকর্মীদের উদ্দেশ্যে ব্রিফিং করেন।

এ সময় মন্ত্রী বলেন, এই কারখানা অত্যন্ত প্রাচীন এবং খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন কারণে কারখানার উদপানক কার্যক্রম ব্যাহত হয়েছে। তার ধারাবাহিকতায় কাজের মানের ক্ষেত্রে ব্যাপক অসংগতি তৈরি হয়েছে।

অথচ আমাদের সক্ষমতা অনেক ভালো। কিন্তু সেই সক্ষমতাকে কাজে লাগানোর ইচ্ছে ও প্রয়োজনীয় উদ্যোগের অভাব আছে। আমরা চাই এসব দুর্বলতা দূর করে কারখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে রেলওয়ের প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরির ক্ষেত্র আরও বৃদ্ধি করাসহ সার্বিক উন্নতি করা। এজন্য সব ধরনের প্রস্তুতি নিতে চায় সরকার। আর সেই সম্ভাব্যতা যাচাই করতেই এই সফর।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সৈয়দপুরে জনবল সংকট দূর করা হবে। আবাসন সংকট নেই। তবে বাংলো ও কোয়ার্টারগুলো অনেক পুরাতন হয়ে পড়ায় তা সংস্কার প্রয়োজন। আর রেলওয়ের ৯টি হাসপাতালই বেশ খারাপ অবস্থায় আছে। এগুলোর ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে।

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে মন্ত্রী ও তার সফরসঙ্গীরা পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয়
লোকোমোটিভ কারখানা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।

এফআর/এসএন

মন্তব্য করুন